দেশে নারী ও শিশুদের নিরাপত্তা জোরদার এবং বিচারহীনতার সংস্কৃতি দূর করতে কঠোর অবস্থান নিয়েছেন তারেক রহমান। ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার মামলাগুলো দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট সকল বিভাগকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কথা জানান নাসিমুল গনি।
তিনি জানান, ধর্ষণ ও নারী নির্যাতনের মতো সংবেদনশীল মামলার বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে আইন, স্বরাষ্ট্র ও বিচার বিভাগসহ সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। একই সঙ্গে ভুক্তভোগীরা যেন দীর্ঘসূত্রতার শিকার না হন, সেটিও নিশ্চিত করতে হবে।
এদিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে মোট পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে চলতি অর্থবছরের সম্পূরক বাজেটে প্রয়োজনীয় পরিবর্তনের প্রস্তাব অনুমোদন অন্যতম। মন্ত্রিসভা এ প্রস্তাব অনুমোদন করেছে, যা শিগগিরই জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।
ডিএমএন/