রাশিয়ার আকাশে একসঙ্গে ‘দুই সূর্য’!

Spread the love

রাশিয়ার সাখালিন দ্বীপের বাসিন্দারা সম্প্রতি এক বিরল ও বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্যের সাক্ষী হন। একই সময়ে আকাশে দুটি সূর্য দেখা যাওয়ায় অনেকেই প্রথমে হতবাক হয়ে পড়েন। মুহূর্তটির ছবি ও ভিডিও দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যায়, মূল সূর্যের ঠিক পাশেই আরেকটি উজ্জ্বল আলোর উৎস দেখা যাচ্ছে, যা দেখে মনে হচ্ছে আকাশে যেন দুটি সূর্য একসঙ্গে উদিত হয়েছে। বিষয়টি নিয়ে শুরুতে নানা জল্পনা-কল্পনা তৈরি হলেও, আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন—এটি কোনো অলৌকিক ঘটনা নয়, বরং একটি বিরল প্রাকৃতিক বায়ুমণ্ডলীয় ঘটনা।

বিশেষজ্ঞদের ভাষায়, এই ঘটনাটিকে বলা হয় “সান ডগ” (Sun Dog) বা “পারহেলিয়ন” (Parhelion)। সাধারণত শীতল আবহাওয়ায় আকাশে ভাসমান বরফের অতি ক্ষুদ্র কণার ওপর সূর্যের আলো প্রতিফলিত ও প্রতিসরিত হলে এমন দৃশ্যের সৃষ্টি হয়। এর ফলে সূর্যের পাশে এক বা একাধিক উজ্জ্বল আলোর বল দেখা যায়, যা দেখতে নকল সূর্যের মতো মনে হয়।

প্রতিবেদন অনুযায়ী, ঘটনার সময় সাখালিন দ্বীপে তাপমাত্রা ছিল মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, তাপমাত্রা আরও কমে মাইনাস ২৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। এমন চরম শীতল পরিবেশে বায়ুমণ্ডলে বরফকণার উপস্থিতি বেড়ে যায়, যা এই ধরনের “সান ডগ”-এর মতো বিরল দৃশ্য দেখার সম্ভাবনা বাড়িয়ে তোলে।