নিজের সন্তান অপহরণ করে মুক্তিপণ দাবি, চুয়াডাঙ্গায় বাবা গ্রেপ্তার

Spread the love

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নিজের শিশুসন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে এক বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে অপহৃত শিশু সিয়াম (৮)-কে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেপ্তাররা হলেন—শিশুটির বাবা মো. আজিজুল (২৮) ও তার সহযোগী মো. আক্তার (২৬)।পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে অভিযুক্ত আজিজুল তার সহযোগীকে সঙ্গে নিয়ে নিজের সন্তান সিয়ামকে অপহরণ করেন। পরে তাকে একটি নির্জন বাগানে নিয়ে গিয়ে বেঁধে গলায় ধারালো হাসুয়া ধরে ছবি তোলা হয়। সেই ছবি শিশুটির মায়ের কাছে পাঠিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে শিশুটিকে হত্যা করে মরদেহ গুমের হুমকিও দেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে বাংলাদেশ পুলিশ-এর জীবননগর থানা ও ডিবি পুলিশের একাধিক দল অভিযান শুরু করে।

অভিযানের একপর্যায়ে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে জীবননগর থানাধীন পাকা দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে সিয়ামকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় অভিযুক্ত আজিজুল ও তার সহযোগী আক্তারকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, শিশুটির জীবন রক্ষার্থে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১০ হাজার ৩০০ টাকা পাঠানো হয়েছিল। অভিযানকালে সেই টাকার মধ্যে ৭ হাজার টাকা, একটি ধারালো হাসুয়া ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, শিশুটির মা বর্তমানে ভারতে অবস্থান করছেন। এই সুযোগকে কাজে লাগিয়ে অর্থ আদায়ের উদ্দেশ্যে নিজের সন্তানকে অপহরণ করেন আজিজুল।

এ ঘটনায় জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান জানান, শিশুটিকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *