সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া চিকিৎসক ডা. সুব্রত সাহা বিকাশের (৩৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ধলাই নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয় জেলেরা উদ্ধার করেন। পরে পুলিশ, বিজিবি ও স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ কোম্পানীগঞ্জ থানায় নিয়ে যান।
পুলিশ জানায়, সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে ভোলাগঞ্জ সাদা পাথরের জিরোপয়েন্ট এলাকায় ধলাই নদীর উৎসমুখে গোসল করতে নেমে পানির তীব্র স্রোতে তলিয়ে যান ডা. সুব্রত সাহা বিকাশ। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
নিহত সুব্রত সাহা লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার বাসিন্দা এবং মিহির লাল সাহার ছেলে। জানা গেছে, তিনি ঢাকা থেকে আরও তিন বন্ধুর সঙ্গে সিলেট ভ্রমণে এসেছিলেন। ভ্রমণের একপর্যায়ে সাদা পাথরে গোসল করতে নামলে আকস্মিক স্রোতে তিনি নিখোঁজ হন।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করলেও বৃহস্পতিবার তাকে খুঁজে পাওয়া যায়নি। পরদিন সকালে স্থানীয় জেলেরা নদীতে মরদেহ ভাসতে দেখে প্রশাসনকে খবর দিলে পুলিশ ও বিজিবির সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ময়নাতদন্তের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ডিএমএন/