রাজশাহীর পুঠিয়া উপজেলায় প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ের দাবিতে এক হিন্দু যুবকের বাড়িতে অবস্থান নিয়েছেন ২২ বছর বয়সী এক মুসলিম তরুণী। শুক্রবার সকালে উপজেলার কৃষ্ণপুর বুড়া শিবতলা এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর জেলার বলাইচর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা আশরাফ আলীর মেয়ের সঙ্গে পুঠিয়ার কৃষ্ণপুর বুড়া শিবতলা এলাকার বাসিন্দা অনিক কুমার দাসের (২১) পরিচয় হয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে। অনিকের বাবা বিমল চন্দ্র দাস।
তরুণীর দাবি, প্রায় এক বছর ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের সূত্র ধরেই তিনি বিয়ের দাবিতে যুবকের বাড়িতে এসে অবস্থান নিয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, গত রাতে তিনি পুঠিয়ায় পৌঁছালে যুবকের পরিবারের সদস্যরা তাঁকে বাসস্ট্যান্ড থেকে বাড়িতে নিয়ে যান।
তরুণী জানিয়েছেন, তিনি অনিক কুমার দাসকেই বিয়ে করতে চান। প্রয়োজনে হিন্দুধর্ম গ্রহণ করতেও তাঁর আপত্তি নেই বলে দাবি করেছেন তিনি।
ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় আলোচনা শুরু হয়। স্থানীয় কয়েকজন বাসিন্দা তরুণীকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য যুবকের পরিবারকে বলেছেন বলে জানা গেছে। তবে তরুণী নিজের সিদ্ধান্তে অনড় রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।
যুবকের বাবা বিমল চন্দ্র দাস জানান, তরুণীর বাবা-মায়ের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়েছিল। তাঁর দাবি, তাঁরা জানিয়েছেন মেয়ের বিষয়ে তাঁদের আর কোনো দাবি নেই এবং পরিবার নিজেদের মতো সিদ্ধান্ত নিতে পারে।
এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, মুসলিম তরুণীর হিন্দু যুবকের বাড়িতে অবস্থান নেওয়ার বিষয়টি পুলিশ জানতে পেরেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে দুই পরিবারের অবস্থান, সংশ্লিষ্টদের সিদ্ধান্ত এবং পুলিশের পরবর্তী পদক্ষেপের ওপর নির্ভর করছে ঘটনাটির পরবর্তী পরিস্থিতি।