সীতাকুণ্ডের বহরপুর গ্রামে অগ্নিকাণ্ডে ১২টি ঘর পুড়ে ছাই, সর্বস্ব হারাল কয়েকটি পরিবার

Spread the love

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বহরপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১২টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে কয়েকটি পরিবার তাদের বসতঘর ও মালামাল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে ঘরগুলো দাউ দাউ করে জ্বলতে থাকে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই বেশ কয়েকটি ঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়।

আগুনে কালু দাস, নয়ন দাস, আশুরাণী দাস, জীবন দাস, পন দাস, কেশব দাস ও খুদিরাম দাসসহ বিভিন্ন জনের মোট ১২টি ঘর পুড়ে যায়। এতে পরিবারগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এলাকার বাসিন্দা হৃদয় জানান, এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সবকিছু হারিয়ে এখন চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে।

এ বিষয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন বলেন, “বহরপুর গ্রামে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। ফলে আগুন অন্যত্র ছড়িয়ে পড়তে পারেনি। তবে এর আগেই ১২টি ঘর পুড়ে গেছে।”

তিনি আরও জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *