নেছারাবাদে ইটভাটায় গলাকাটা ও মাথাবিহীন অবস্থায় গোপাল চন্দ্র দাসের লাশ উদ্ধার, একজন গ্রেফতার

Spread the love

নেছারাবাদ প্রতিনিধি :

নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের পূর্ব সারেংকাঠি গ্রামের একটি ইটভাটায় গলাকাটা ও মস্তকবিহীন অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের তৎপরতায় একজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে, আর অপর অভিযুক্তকে ধরার অভিযান চলছে।

শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে পিরোজপুর পুলিশ সুপার মো. মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী সাংবাদিকদের জানান, নিহত যুবকের পরিচয় নিহতের পরিবারের সূত্রে নিশ্চিত হয়েছে। নিহতের নাম গোপাল চন্দ্র দাস (৪৫)। তিনি বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের গনপাড়া গ্রামের পরিমল চন্দ্র দাসের ছেলে।

ছবি: নিহত গোপাল চন্দ্র দাস
ছবি: নিহত গোপাল চন্দ্র দাস

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শুক্রবার বিকেল প্রায় ৩টা ১৫ মিনিটের দিকে একটি সাদা রঙের আরটিআর মোটরসাইকেলে করে তিন যুবক ইটভাটার ভেতরে প্রবেশ করে। এরপর ৩টা ২৭ মিনিটের দিকে মোটরসাইকেলে থাকা দুই যুবক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। কিছুক্ষণ পর ভাটার এক কর্মচারী নদীর পাড়ে গিয়ে মস্তকবিহীন লাশ দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা সেখানে ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়।

লাশ উদ্ধার করা হয় মামুন মিয়ার ইটভাটার দক্ষিণ-পশ্চিম পাশে নদীর তীরে। লাশ উদ্ধার করে পরে পিরোজপুর জেলা মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সন্দেহভাজন হত্যাকারীদের মধ্যে দুই জনের নাম জানা গেছে—মো. সম্রাট এবং মো. রাজু।

ছবি: হত্যায় জড়িত মোঃ সম্রাট
ছবি: হত্যায় জড়িত মোঃ সম্রাট

পুলিশের তৎপরতায় শুক্রবার গভীর রাতে সম্রাটকে গ্রেফতার করা হয়েছে। অপর অভিযুক্ত রাজুকে ধরার অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সুপার জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পিবিআই, সিআইডি ও র‍্যাব যৌথভাবে কাজ করছে। ইতোমধ্যে ঘটনাস্থলের আশপাশের কয়েকটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং তাতে সন্দেহভাজন দুই ব্যক্তিকে শনাক্ত করা গেছে।

পুলিশের প্রাথমিক ধারণা, অজ্ঞাত কোনো স্থান থেকে গোপাল চন্দ্র দাসকে অপহরণ করে নির্জন স্থানে এনে হত্যা করা হয়েছে এবং পরে লাশটি ঘটনাস্থলে ফেলে রাখা হয়েছে।

শনিবার দুপুরে নিহতের বাবা পরিমল চন্দ্র দাস, তার এক ছেলে ও দুই ভাই ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেছেন। নিহতের লাশ শনাক্ত হওয়ার পর পুরো এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *