বরিশাল বিশ্ববিদ্যালয়ের সনাতনী নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে ঋতস্বর, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের নতুন পথচলায় শুভেচ্ছা জানানো এবং পারস্পরিক পরিচিতি ও সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সুবর্ণা গুপ্ত এবং ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী বিথি রায়। তাদের সাবলীল ও প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে আনন্দময় ও উপভোগ্য।
অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঋতস্বরের প্রতিষ্ঠাতা সদস্য শাকিল বিশ্বাস ও লিখন সরকার। তারা নবীন শিক্ষার্থীদের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় জীবনে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও মানবিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য নবীনদের আহ্বান জানান তারা। তাদের বক্তব্যে নবীন শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা তৈরি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিন্দ্য শুভ্র। এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয় মন্দিরের সভাপতি হৃদয় দাসসহ বরিশাল বিশ্ববিদ্যালয় ঋতস্বরের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে তাদের হাতে ঋতস্বর কর্তৃক প্রকাশিত ত্রৈমাসিক পত্রিকা ‘অরিত্রিকা’ এবং ধর্মীয় গ্রন্থ তুলে দেওয়া হয়। এর মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়ে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানানো হয়।
নবীনদের স্বাগত জানানো, মতবিনিময় ও প্রাণবন্ত বক্তব্যের মধ্য দিয়ে পুরো আয়োজনটি হয়ে ওঠে আনন্দঘন ও উৎসবমুখর। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজনের মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হবে।