রাজশাহীতে ঝুলন্ত অবস্থায় রাবি শিক্ষার্থীর মৃত্যু, আত্মহত্যার প্রাথমিক ধারণা

Spread the love

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী এলাকা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত অবস্থায় মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় একটি আবাসিক বাসা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
নিহত শিক্ষার্থীর নাম জুবাইদা ইসলাম ইতি। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি মেহেরচণ্ডী এলাকার ওই বাসায় তার মায়ের সঙ্গে বসবাস করতেন। তার বাবা ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজে (আইবিএস) পিয়ন হিসেবে কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় বাসার ভেতর থেকে সাড়া না পেয়ে স্বজনরা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
“বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচণ্ডী এলাকার একটি বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে সঠিক কারণ জানতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে।”
রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শঙ্কর কুমার বিশ্বাস জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে শিক্ষার্থীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম কিবরিয়া ফেরদৌস বলেন, শিক্ষার্থীর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি স্পষ্ট হবে।
এ ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের আবহ নেমে এসেছে। সহপাঠী ও শিক্ষকরা নিহত শিক্ষার্থীর আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ডিএমএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *