চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Spread the love

চট্টগ্রাম প্রতিনিধি | দেবালয় মিডিয়া নিউজ

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) একটি আবাসিক হল থেকে উপমা দত্ত (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিজয়–২৪ আবাসিক হলের নিজ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়।


নিহত উপমা দত্ত সিভাসুর ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) বিভাগের ২৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি মাগুরা জেলার সর্বসাংদা গ্রামে। বর্তমানে তার পরিবার মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া এলাকায় বসবাস করছে।


বিশ্ববিদ্যালয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে সহপাঠীরা কক্ষে সাড়া না পেয়ে বিষয়টি হল কর্তৃপক্ষকে জানায়। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে উপমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়।


এ ঘটনায় পুরো ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে। সহপাঠীরা জানান, উপমা দত্ত ছিলেন মেধাবী ও শান্ত স্বভাবের শিক্ষার্থী। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে গভীর শোক ও বিস্ময়ের সৃষ্টি হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *