প্রেমিকার বাড়িতে গিয়ে যুবক আটক, থানায় এসে আরেক প্রেমিকার বিয়ের দাবি

Spread the love

পিরোজপুরের নেছারাবাদে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন দিগন্ত মিস্ত্রি (২২) নামে এক যুবক। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় ঘটনাটি নতুন মোড় নেয়, যখন আরেক তরুণী থানায় এসে দিগন্তকে বিয়ের দাবি জানান।

রোববার (৫ মার্চ) মধ্যরাতে উপজেলার ৫ নম্বর জলাবাড়ি ইউনিয়নের ইদেলকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, দিগন্তকে থানায় আনার পর সোমবার সকালে তার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ৩৪ ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জলাবাড়ি গ্রামের এক তরুণীর সঙ্গে দিগন্তের প্রায় তিন বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। ঘটনার রাতে ওই তরুণীর সঙ্গে দেখা করতে গেলে স্থানীয়রা তাকে আটক করেন। পরে মেয়েটির স্বজন ও এলাকাবাসী তাদের বিয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে দিগন্ত এতে আপত্তি জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এরপর দিগন্ত প্রেমিকার বাড়িতে গিয়ে ধরা পড়েছে এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে উপজেলার ধলহার গ্রাম থেকে তার আরেক প্রেমিকা থানায় হাজির হন। তিনি দিগন্তকে বিয়ে করার দাবি জানান। কিন্তু এরই মধ্যে জলাবাড়ির ঘটনায় দায়ের হওয়া মামলায় পুলিশ দিগন্তকে পিরোজপুর আদালতে পাঠিয়ে দিলে ওই তরুণী কান্নায় ভেঙে পড়েন। স্থানীয় মানিক চৌকিদার জানান, দীর্ঘদিন ধরে দিগন্ত ওই তরুণীর সঙ্গে সম্পর্কে জড়িত ছিলেন এবং প্রায়ই এলাকায় যাতায়াত করতেন।

স্থানীয়দের অভিযোগ, দিগন্ত মিস্ত্রি এলাকায় বখাটে হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে। এর আগে তার মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল বলে জানা গেছে। তিনি ধলহার এলাকার সাবেক চৌকিদার ভাবেন্দ্রনাথ মিস্ত্রি ওরফে মন্টু মিস্ত্রির ছেলে।

নেছারাবাদ থানার উপপরিদর্শক (এএসআই) মো. নাজমুল হাসান বলেন, ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *