চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলার আসামি শ্রী দেব গ্রেপ্তার

Spread the love

চট্টগ্রামের আদালত চত্বরে সংঘটিত আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার পলাতক আসামি শ্রী দেব (২৫)-কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)। মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে নগরীর কোতোয়ালি থানার বলুয়ার দিঘী এলাকা থেকে তাকে আটক করা হয়।

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলার আসামি শ্রী দেব গ্রেপ্তার
আলিফ হত্যা মামলার আসামি দেব।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭-এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তিনি কোতোয়ালি এলাকার সেবক কলোনির বাসিন্দা এবং উক্ত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন স্থানে অবস্থান করছিলেন।

মামলার প্রেক্ষাপটে জানা যায়, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষ চলাকালে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার ও সংশ্লিষ্ট পক্ষ থেকে একাধিক মামলা দায়ের করা হয়। ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগের ভিত্তিতে শ্রী দেবকে মামলার অন্যতম অভিযুক্ত হিসেবে শনাক্ত করা হয়।

র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে প্রশাসন।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *