ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থনে গণসংযোগ বৃদ্ধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুর-২ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব আহম্মদ সোহেল মনজুর সুমনের সমর্থনে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

৮নং সমুদয়কাঠী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির দলনেতা মিজানুর রহমান মিজানের আয়োজনে মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি, ২০২৬) সন্ধ্যা ৬টায় দূর্গাকাঠী সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরের সামনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ৮নং সমুদয়কাঠী ইউনিয়নের সাবেক ছাত্রনেতা জনাব মনির, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জনাব আলম খান, বিএনপি নেতা সালাম বেপারী, জাকির হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মজিদ হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সমুদয়কাঠী ইউনিয়ন নির্বাচন কমিটির ১ নম্বর সদস্য আখতার হোসেন, নির্বাচন কমিটির ২ নম্বর সদস্য জনাব খায়রুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল রব পান্না, স্বরূপকাঠী উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা নির্বাচন ও পরিচালনা কমিটির অন্যতম সদস্য জুলফিকার খন্দকার পারভেজ, সাবেক ছাত্রনেতা শামসুল হক, বিএনপি নেতা জাকির হোসেন খান, স্বপন, রিয়াজ, পলাশ দাশসহ ৩নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বৈঠকে বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আহম্মদ সোহেল মনজুর সুমনের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে নির্বাচন বানচাল করার অপচেষ্টা চালাচ্ছে। তবে জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না।

বক্তারা আরও বলেন, আগামী নির্বাচনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিক যেন নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি গ্রহণ করা হবে। বিশেষ করে স্থানীয় সনাতনী হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তারা দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন এবং নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহ্বান জানান।
উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে ৮নং সমুদয়কাঠী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখতার হোসেন বলেন,
“ধানের শীষ আমাদের সবার প্রতীক। এই প্রতীকের জন্য আমরা গত ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছি। বিগত বছরগুলোতে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, কিন্তু এবার জনগণ ভোট দিতে পারবে।”
তিনি সনাতনী আওয়ামী লীগপন্থী ভোটারদের প্রতিও ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল রব পান্না দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন,
“আমরা আগামী ১২ তারিখে ধানের শীষের বিজয় নিশ্চিত না করে ঘরে ফিরে যাব না।”
এছাড়াও স্থানীয় কৃষ্ণকান্ত সুতার তার বক্তব্যে বলেন,
“বাংলাদেশের অস্তিত্ব ও গণতন্ত্র রক্ষা করতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়া ছাড়া বিকল্প নেই।”
উঠান বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আহম্মদ সোহেল মনজুর সুমনের পক্ষে ভোট প্রার্থনা করা হয়।

হিন্দু অধ্যুষিত এলাকা হওয়ায় এ উঠান বৈঠকে বিপুল সংখ্যক সনাতনী সম্প্রদায়ের নারী-পুরুষ অংশগ্রহণ করেন। বক্তারা শান্তিপূর্ণ সহাবস্থান, সকল ধর্মের মানুষের অধিকার রক্ষা এবং একটি নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে সকল ধর্মের মানুষের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে।
ডিএমএন/