বগুড়ায় বিয়ে বাড়ির সাউন্ড বক্সকে কেন্দ্র করে সংখ্যালঘু পরিবারের ওপর হামলা, আহত ১

Spread the love

বগুড়ায় বিয়ে বাড়িতে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে সংখ্যালঘু হিন্দু পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত একজন আহত হয়েছেন। অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়ন-এর চাঁদমুহা হরিপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় একটি হিন্দু পরিবারের বিয়ে উপলক্ষে বাড়িতে সাউন্ড বক্স বাজানো হচ্ছিল। এ সময় নামাজ শেষে কয়েকজন ব্যক্তি এসে সাউন্ড বক্স বাজানো নিয়ে আপত্তি জানায়। এক পর্যায়ে কথাকাটাকাটির জেরে উত্তেজনা সৃষ্টি হলে হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের এক বৃদ্ধ সদস্য জানান, তিনি তখন ঘটনাস্থলে ছিলেন না। পরে জানতে পারেন কয়েকজন তরুণ এসে বিয়ে বাড়িতে বসে থাকা ছেলেদের লাথি মারেন এবং এ নিয়ে প্রতিবাদ করতে গেলে তার ছেলেকে মারধর করা হয়।

ভুক্তভোগী পরিবারের বৃদ্ধ।
ভুক্তভোগী পরিবারের বৃদ্ধ।

স্থানীয়দের দাবি, আজিমুদ্দিনের ছেলে নূরনবীসহ কয়েকজন মিলে হামলা চালান। তাদের মধ্যে নূরনবীর ছেলে হাসিবুল ও পরিবারের আরও কয়েকজন সদস্যও ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

এদিকে কয়েকজন স্থানীয় যুবক অভিযোগ করেন, হামলার সময় লুটপাটের ঘটনাও ঘটে। বিয়ে বাড়িতে থাকা কয়েকজন নারীর কানের দুল, নাকফুল ও সোনার চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।

ভুক্তভোগীরা দাবি করেন, এর আগেও ওই এলাকায় হিন্দু সম্প্রদায়ের ওপর একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। তারা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *