নোয়াখালী সদর উপজেলায় নিখোঁজের দুই দিন পর একটি পুকুর থেকে হিন্দু ব্যবসায়ী রঞ্জিত কুরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার গোনাই রামশংকর এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রঞ্জিত কুরী নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রকাশ চন্দ্র কুরীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে রঞ্জিত কুরীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
শনিবার সকালে স্থানীয়রা পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি কিছুটা মানসিক সমস্যায় ভুগছিলেন। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ডিএমএন/