শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জ্যোতী রানী বর্মন (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী অপহরণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, একই বিদ্যালয়ের দপ্তরী মো. সজীব মিঞা তাকে অপহরণ করেছেন।
জানা গেছে, গত ১ মার্চ ২০২৬ তারিখে জ্যোতী রানী বর্মন নিখোঁজ হন। তিনি নালিতাবাড়ী উপজেলার আন্ধারপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং তার বাড়ি খলিশাকুড়া গ্রামে। অভিযুক্ত মো. সজীব মিঞাও ওই বিদ্যালয়ের দপ্তরী হিসেবে কর্মরত। পরিবারের অভিযোগ, অপহরণের আগেও তিনি মেয়েটিকে উত্ত্যক্ত করতেন।
ঘটনার বিষয়ে ভুক্তভোগী পরিবার বাংলাদেশ সনাতন মহাজোটকে অবহিত করলে সংগঠনের নেতৃবৃন্দ নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর সঙ্গে যোগাযোগ করেন। এ সময় ওসি ঘটনাটির সত্যতা স্বীকার করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এছাড়া শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপারকে বিষয়টি অবহিত করা হলে তিনি দ্রুত মেয়েটিকে উদ্ধারের আশ্বাস দিয়েছেন। তবে তিনি আগে থেকে বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না বলে জানিয়েছেন।
ভুক্তভোগী পরিবার জানিয়েছে, জ্যোতী রানী বর্মনের মা মানসিকভাবে অসুস্থ এবং তার বাবা অবসরপ্রাপ্ত সেনা সদস্য হলেও বর্তমানে অসুস্থ অবস্থায় রয়েছেন। পরিবারের দায়িত্ব মূলত তার দাদীর ওপর রয়েছে।
এ ঘটনায় বাংলাদেশ সনাতন মহাজোটের পক্ষ থেকে দ্রুত শিক্ষার্থীকে উদ্ধারের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়েছে। পাশাপাশি মেয়েটির অসহায় পরিবারের পাশে দাঁড়াতে সকল মানবিক ও সচেতন মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
ডিএমএন/