মাত্র ২০ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে প্রায় তিন মাস কারাভোগ করতে হয়েছে অসহায় দরিদ্র মঙ্গল দাসকে। অবশেষে সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলমের মানবিক হস্তক্ষেপে অন্ধকার প্রকোষ্ঠ থেকে মুক্তির আলো দেখলেন তিনি।
আজ বিদ্যুৎ আদালতের ম্যাজিস্ট্রেট (জেলা ও দায়রা জজ) মঙ্গল দাসের জামিন মঞ্জুর করেন।
জানা গেছে, পাওনা ২০ হাজার টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারায় আইনি জটিলতায় প্রায় তিন মাস আগে কারাগারে যেতে হয়েছিল মঙ্গল দাসকে। যেখানে দেশে লক্ষ-কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া রেখেও অনেক প্রভাবশালী ব্যক্তি বহাল তবিয়তে আছেন, সেখানে সামান্য এই টাকার জন্য একজন অসহায় মানুষের কারাবরণ সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
বিষয়টি সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলমের নজরে এলে তিনি দ্রুত পদক্ষেপ নেন। তিনি ব্যক্তিগত ও প্রশাসনিকভাবে মঙ্গল দাসের বকেয়া বিল পরিশোধের নিশ্চয়তা প্রদান করেন। জেলা প্রশাসকের এই মানবিক আশ্বাসের প্রেক্ষিতে আদালত মঙ্গল দাসকে জামিনে মুক্তি দেওয়ার আদেশ দেন।এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
একদিকে আইনের সমান প্রয়োগ নিয়ে আলোচনা চলছে, অন্যদিকে জেলা প্রশাসকের এমন মানবিক ভূমিকার প্রশংসা করছেন অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই লিখেছেন, “গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমেই প্রশাসনের প্রকৃত মানবিকতা প্রকাশ পায়।”
মঙ্গল দাসের পরিবার এবং স্থানীয় সচেতন মহল জেলা প্রশাসক মো. সারোয়ার আলমের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।