নিজস্ব প্রতিবেদক: মোহনগঞ্জ উপজেলার একটি হিন্দু অধ্যুষিত গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা, ভয়ভীতি প্রদর্শন ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে গ্রামবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৬ নম্বর সোয়াইর ইউনিয়নের নারাইছ গ্রামে নদী থেকে মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। অভিযোগ রয়েছে, পাশ্ববর্তী ভাটিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা মো. আলিমউদ্দিন বৃহস্পতিবার রাতে ২৫–৩০ জন সহযোগীকে সঙ্গে নিয়ে নারাইছ গ্রামে হামলা চালান। এ সময় হামলাকারীরা গ্রামবাসীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেন।হামলায় গ্রামের দীপক সরকার, রঞ্জন সরকার, অঞ্জন সরকার ও সুমন তালুকদারসহ কয়েকজন আহত হন বলে জানা গেছে। এছাড়া চট্টগ্রাম থেকে বাড়ি ফেরার পথে সান্টু বিশ্বাস, সজিব দাস গুপ্ত ও জয় সেন সরকারকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর করা হয় এবং তাদের কাছ থেকে প্রায় ৩৭ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন লুট করে নেওয়ার অভিযোগ রয়েছে।ঘটনার প্রতিবাদে গ্রামবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।এ বিষয়ে সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
ডিএমএন/