নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সংখ্যালঘু নারীদের জন্য অন্তত ১০টি আসন বরাদ্দের দাবি জানিয়েছেন প্রদীপ কান্তি দে, সভাপতি, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট।
এক বিবৃতিতে তিনি বলেন, সংরক্ষিত মহিলা আসনের সাংবিধানিক ব্যবস্থা থাকলেও সংখ্যালঘু নারীদের জন্য নির্দিষ্ট কোটা না থাকায় জাতীয় সংসদে তাদের প্রতিনিধিত্ব অত্যন্ত সীমিত। এটি একটি গণতান্ত্রিক ও বহুত্ববাদী রাষ্ট্রের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি আরও বলেন,“সংরক্ষিত ৫০টি মহিলা আসনের মধ্যে অন্তত ১০টি আসনে সংখ্যালঘু নারীদের মনোনয়ন ও নির্বাচন নিশ্চিত করা উচিত। সংখ্যালঘু নারীরা নানা সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাচ্ছেন। তাদের কণ্ঠস্বর জাতীয় সংসদে পৌঁছানো সময়ের দাবি।”
বিবৃতিতে উল্লেখ করা হয়, নারীর ক্ষমতায়ন ও সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে সকল ধর্ম ও সম্প্রদায়ের নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে—সংখ্যালঘু নারীদের ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করে গণতন্ত্রকে আরও শক্তিশালী করা হোক।
ডিএমএন/