নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি :
আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে বহরমপুরের শ্রীশ্রী গৌরগোবিন্দ সেবাশ্রমে পালিত হচ্ছে শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও পদাবলী কীর্ত্তন। আজ এ মহতী ধর্মীয় আয়োজনের শেষ দিনে নাম কীর্তনের পরিবেশনা অনুষ্ঠিত হচ্ছে।
সন্ধ্যা থেকেই আশ্রম প্রাঙ্গণে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। মহানাম যজ্ঞের পবিত্র পরিবেশ এবং সুমধুর কীর্ত্তনের সুরে পুরো এলাকা এক আধ্যাত্মিক আবহে পরিণত হয়েছে। বিভিন্ন বয়সী নারী-পুরুষ নির্বিশেষে ভক্তরা অনুষ্ঠানে অংশ নিয়ে ভগবানের চরণে শ্রদ্ধা নিবেদন করছেন।
অনুষ্ঠানে অহোরাত্র হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে, যেখানে দেশবরেণ্য কীর্ত্তনীয়াদের কণ্ঠে পরিবেশিত হচ্ছে নাম কীর্তন। শুধু স্থানীয় নয়, দূর-দূরান্ত থেকেও অসংখ্য ভক্ত ও পুণ্যার্থী সেবাশ্রমে সমবেত হয়েছেন।
অনুষ্ঠান উপলক্ষে প্রতিদিন ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থাও রাখা হয়েছে, যা ভক্তদের মধ্যে বিশেষ সাড়া ফেলেছে।
আশ্রম কর্তৃপক্ষ জানিয়েছে, ভক্তদের সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহানাম যজ্ঞের এই পবিত্র ধ্বনি এলাকায় শান্তি, সম্প্রীতি ও আধ্যাত্মিক চেতনা ছড়িয়ে দেবে বলে তাদের বিশ্বাস।
আগামীকাল পদাবলী কীর্তনের মধ্য দিয়ে এই ধর্মীয় আয়োজনের সমাপ্তি হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
ডিএমএন/