সিলেট নগরের দড়িয়াপাড়া এলাকায় নির্মিত হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ হনুমানজির প্রতিমা। স্থানীয় সনাতনী তরুণদের উদ্যোগে গড়ে ওঠা এই বিশাল আয়োজন ইতোমধ্যেই ধর্মপ্রাণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করেছে।
জানা গেছে, পবিত্র রামনবমী উপলক্ষে আগামী ১ এপ্রিল ২০২৬ তারিখে প্রতিমাটি আনুষ্ঠানিকভাবে ভক্তদের দর্শনের জন্য উন্মুক্ত করা হবে। আয়োজকরা জানিয়েছেন, এটি হবে দেশের মধ্যে এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে বড় হনুমানজির বিগ্রহ, যা সিলেট অঞ্চলের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিমণ্ডলে নতুন মাত্রা যোগ করবে।
উদ্যোক্তারা জানান, ভগবান হনুমানজির প্রতি গভীর ভক্তি এবং সনাতন ধর্মীয় সংস্কৃতিকে তুলে ধরার লক্ষ্যেই এই বৃহৎ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিমা নির্মাণে শাস্ত্রীয় বিধান অনুসরণ করার পাশাপাশি নান্দনিক শৈল্পিক দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তারা আরও জানান, রামনবমীর দিন প্রতিমা উন্মোচনের পাশাপাশি পূজা-অর্চনা, আরতি এবং ভক্তিমূলক নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ভক্ত-দর্শনার্থীর সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয়দের মতে, এমন একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ শুধু ধর্মীয় আবহই সৃষ্টি করবে না, বরং এটি পর্যটন ও সাংস্কৃতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইতোমধ্যে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই প্রতিমা নির্মাণের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে সনাতন ধর্মীয় ঐতিহ্য ও মূল্যবোধ আরও সুদৃঢ়ভাবে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।
ডিএমএন/