ঠাকুরগাঁওয়ে মহানবী হযরত মুহাম্মাদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক গ্রেপ্তার

Spread the love

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মাদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে বিধান রায় (২৫) নামে এক হিন্দু যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে উপজেলার নেকমরদ ইউনিয়নের পারকুন্ডা গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মলিন চন্দ্র রায়ের ছেলে।অভিযোগ রয়েছে, বিধান রায় তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মহানবীকে নিয়ে আপত্তিকর একটি পোস্ট করেন। পোস্টটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং এলাকায় উত্তেজনা দেখা দেয়।

খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, “ঘটনার পরপরই আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বিষয়টির সত্যতা যাচাইসহ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”

পুলিশ জানায়, এ ধরনের সংবেদনশীল ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষায় তারা সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং কোনো ধরনের উসকানি বা গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *