নিজস্ব প্রতিবেদক : আনন্দ চন্দ্র শীল
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় আদালতের জারি করা অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে এক প্রবীণ হিন্দু ব্যক্তির জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে।
উপজেলার চর সেকান্তর এলাকার বাসিন্দা মনোরঞ্জন সাহা অভিযোগ করেন, আলেকজান্ডার বাজার এলাকায় অবস্থিত তার প্রায় তিন শতক জমি দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছে মোতালেব, দিদারুল, হেলালসহ কয়েকজন।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, জমিটি নিয়ে বিরোধের জেরে বিষয়টি আদালতে গড়ায় এবং বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে। একই সঙ্গে বিরোধপূর্ণ ওই জমির ওপর আদালত থেকে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যাতে কোনো পক্ষই জমিতে স্থাপনা নির্মাণ বা পরিবর্তনমূলক কাজ করতে না পারে।
তবে অভিযোগ রয়েছে, আদালতের নির্দেশনা উপেক্ষা করে অভিযুক্তরা গত কয়েকদিন ধরে প্রকাশ্যে ওই জমিতে দোকানঘর নির্মাণের কাজ শুরু করেছে। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
মনোরঞ্জন সাহা জানান, তিনি বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে ভয়ভীতি ও হুমকি প্রদান করে। ফলে তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
স্থানীয়দের একাংশ জানান, বিষয়টি নিয়ে এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তারা। সচেতন মহল মনে করছে, আদালতের নির্দেশনা অমান্য করে এ ধরনের কর্মকাণ্ড আইনশৃঙ্খলার জন্য হুমকি হতে পারে।
ডিএমএন/