ডেস্ক রিপোর্ট | দেবালয় মিডিয়া নিউজ
নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য সাম্প্রদায়িক সহিংসতা ও পরিকল্পিত হামলার আশঙ্কায় নির্বাচন-পূর্ব দুই দিন থেকে নির্বাচন-পরবর্তী দশ দিন পর্যন্ত প্রতিটি মন্দির ও হিন্দু পাড়ায় বাধ্যতামূলকভাবে সার্বক্ষণিক পাহারার দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব চন্দ্র সাহা।
এক বিবৃতিতে তিনি বলেন, অতীত অভিজ্ঞতা থেকে স্পষ্ট—নির্বাচনের সময় সংখ্যালঘু জনগোষ্ঠী বারবার টার্গেটে পরিণত হয়। নির্বাচনের আগে ও পরে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা নতুন নয়। তাই এবার কোনো ধরনের অবহেলা বা নির্লিপ্ততা মেনে নেওয়া হবে না।
রাজীব চন্দ্র সাহা হুঁশিয়ার করে বলেন,
“এবার যদি প্রশাসন দায়িত্ব পালনে ব্যর্থ হয় বা পরিস্থিতি নিয়ন্ত্রণে উদাসীন থাকে, তাহলে তার সম্পূর্ণ দায় রাষ্ট্রকেই নিতে হবে। কোনো ধরনের হামলা ঘটলে হিন্দু ছাত্র মহাজোট তা মেনে নেবে না এবং রাজপথে কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
তিনি আরও বলেন, সংখ্যালঘুদের নিরাপত্তা কোনো করুণা বা ভিক্ষা নয়—এটি তাদের সাংবিধানিক অধিকার। একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হলে অবিলম্বে কার্যকর নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।
বিবৃতিতে তিনি জানান, প্রশাসনের পাশাপাশি দেশের প্রতিটি হিন্দু ছাত্র মহাজোটের সদস্যদের নিজ নিজ এলাকায় পাহারায় সম্পৃক্ত থাকার আহ্বান জানানো হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে দ্রুত প্রতিরোধ গড়ে তোলা যায়।
তিনি অতীতের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন,
“আগের নির্বাচনগুলোর আগে ও পরে আমরা ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছি। আমরা আর কারো বলির পাঁঠা হতে চাই না। নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে।”
ডিএমএন/