প্রযুক্তি ডেস্ক | দেবালয় মিডিয়া নিউজ
এতদিনপর্যন্ত ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা গেলেও এবার সেই ধারায় পরিবর্তন আনতে যাচ্ছে মেটা। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, নতুন এই প্রিমিয়াম সাবস্ক্রিপশন বর্তমান ‘মেটা ভেরিফায়েড’ পরিষেবা থেকে আলাদা হবে এবং এতে সাধারণ ব্যবহারকারীদের জন্য থাকা সুবিধার বাইরে কিছু বিশেষ ফিচার যুক্ত থাকবে।

বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, প্রিমিয়াম প্ল্যানে সংযুক্ত করা হতে পারে মেটার উন্নত এআই-চালিত টুল। এর মাধ্যমে স্মার্ট রিপ্লাই, কনটেন্ট তৈরির সহায়ক ফিচার এবং স্বয়ংক্রিয় নানা কাজ আরও সহজভাবে করা যাবে। বিশেষ করে কনটেন্ট ক্রিয়েটর ও পেশাদার ব্যবহারকারীদের জন্য এসব সুবিধা কার্যকর হতে পারে।
ইনস্টাগ্রামের ক্ষেত্রে এআই-নির্ভর নতুন কিছু ফিচার যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রয়েছে ‘ভাইবস’ নামের একটি টুল, যার মাধ্যমে ছোট ও সৃজনশীল এআই ভিডিও তৈরি করা সম্ভব হবে। পাশাপাশি বহুদিনের ব্যবহারকারীদের চাওয়া কিছু সুবিধা—যেমন কে আপনাকে ফলো করছে না তা দেখার অপশন, কিংবা অন্যকে না জানিয়ে স্টোরি দেখার সুযোগ—প্রিমিয়াম প্ল্যানে অন্তর্ভুক্ত হতে পারে।
হোয়াটসঅ্যাপেও প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য উন্নত চ্যাট ফিচার, অতিরিক্ত কাস্টমাইজেশন অপশন এবং এআই-চালিত সুবিধা চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। তবে এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ঘোষণা দেয়নি মেটা।
মেটা জানিয়েছে, প্রিমিয়াম সাবস্ক্রিপশন গ্রহণ করা সম্পূর্ণ ঐচ্ছিক হবে। যারা অর্থ ব্যয় করতে চান না, তারা আগের মতোই বিনামূল্যে এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করতে পারবেন। মূলত উন্নত ফিচার ও অতিরিক্ত এআই সুবিধা প্রত্যাশীদের লক্ষ্য করেই এই নতুন পরিকল্পনা।
তবে এ ঘোষণার পরই ব্যবহারকারীদের গোপনীয়তা ও ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও মেটার দাবি, নতুন সাবস্ক্রিপশন চালু হলেও ব্যবহারকারীদের ডেটা সুরক্ষা নীতিতে কোনো পরিবর্তন আনা হবে না।