সন্তান প্রতিবন্ধী হওয়ায় বাবার অস্বীকৃতি, মায়ের বুকে আশ্রয় পেল নবজাতক

Spread the love

পিরোজপুরের নেছারাবাদ উপজেলা এলাকায় জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী এক নবজাতককে ঘিরে মানবিকতার এক হৃদয়স্পর্শী ঘটনা সামনে এসেছে। পিতা সন্তানের দায়িত্ব নিতে অস্বীকৃতি জানালেও, মা দৃঢ়ভাবে সন্তানের পাশে দাঁড়িয়েছেন।

জানা গেছে, গত ২২ এপ্রিল রাত ৮টার দিকে উপজেলার মিয়ারহাট বন্দরের একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে লিজা আক্তার নামের এক নারী পুত্র সন্তানের জন্ম দেন। জন্মের পর দেখা যায়, শিশুটি দুই পা ও এক হাত ছাড়াই পৃথিবীর আলো দেখেছে।

নবজাতকের এ শারীরিক অবস্থার কথা জানতে পেরে পিতা আল আমিন, যিনি পেশায় দিনমজুর, সন্তানটিকে গ্রহণ করতে অস্বীকৃতি জানান। এমনকি তিনি স্ত্রীকে শিশুটিকে অন্যত্র দিয়ে দিতে বা ফেলে আসার পরামর্শ দেন বলেও জানা গেছে।

তবে মায়ের হৃদয়ের টানই শেষ পর্যন্ত জয়ী হয়। সব ধরনের চাপ উপেক্ষা করে লিজা আক্তার নিজের সন্তানকে বুকে নিয়েই বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। সন্তানের প্রতি মমতা ও দায়িত্ববোধ থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে স্থানীয়রা জানান।

এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই মায়ের এই সাহসী ও মানবিক অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি সমাজের সচেতন মহল এমন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *