চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নিখোঁজের একদিন পর স্বপন দাশ (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি পটিয়া উপজেলার পূর্ব ডেঙ্গা পাড়া গ্রামের বাসিন্দা।
পরিবার সূত্রে জানা যায়, ২৭ মার্চ শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে তিনি বাঁশখালীর চাম্বল বাজার এলাকা থেকে নিখোঁজ হন। এরপর আত্মীয়-স্বজন ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর ২৮ মার্চ শনিবার বিকেলে বাঁশখালীর একটি মসজিদের পাশ থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় জমায় এবং পুলিশকে অবহিত করে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, এটি শুধু একটি স্বাভাবিক মৃত্যু নয়, বরং এর পেছনের প্রকৃত কারণ উদঘাটন করা জরুরি।
এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত তদন্তের মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
স্বপন দাশের মৃত্যুর ঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তার আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।