ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আলুবাহী একটি ভোটভোটি নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে সড়ক দুর্ঘটনা ঘটে। এতে পুলিশের গাড়িটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।রোববার দুপুর ১টার দিকে বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও মহাসড়ক-এর ঢোরামারা পুকুর সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, দ্রুতগতিতে চলা আলুবাহী ভোটভোটিটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা পুলিশের পিকআপ ভ্যানকে সজোরে আঘাত করে। এতে পিকআপটি সড়ক থেকে ছিটকে পাশে খাদে পড়ে যায়।পুলিশ সূত্রে জানা গেছে, জাতীয় নির্বাচনকে সামনে রেখে হরিপুর থানা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও পুলিশ লাইন থেকে সংগ্রহ করা শটগান থানায় পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে তারা এই দুর্ঘটনার শিকার হন।খবর পেয়ে বালিয়াডাঙ্গী থানা পুলিশের এসআই এরশাদ আলী ও এসআই আবু বক্কর সিদ্দীক সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে দুর্ঘটনাকবলিত আলুবাহী ভোটভোটিটি উদ্ধার করে থানায় নেওয়া হয়।ঘটনায় তাৎক্ষণিকভাবে বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
ডিএমএন/