তারাবির নামাজ শেষে হাঁটতে গিয়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মোতাহার হোসেন। তিন ছিনতাইকারী তার আইফোন, মানিব্যাগ ও হাতঘড়ি ছিনিয়ে নিয়ে গেছে।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের পাশে শহীদ ফাইয়াজ চত্বরে হাঁটাহাটির সময় এ ঘটনা ঘটে। প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তাকে আইফোনের পাসওয়ার্ড জানাতে বাধ্য করতে ছিনতাইকারীরা তাকে মারধরও করে।
এ ঘটনায় রোববার মোহাম্মদপুর থানায় মামলা করেছেন তার স্টাফ অফিসার (দুদকের ডিএডি) জাবেদ হোসেন সজল।
মামলার অভিযোগে বলা হয়, তারাবির নামাজ শেষে ফাইয়াজ চত্বরে হাঁটাহাটি করার সময় অজ্ঞাতনামা তিন ব্যক্তি চাপাতি ও সামুরাই নিয়ে তার সামনে আসে। তারা ভয় দেখিয়ে একটি আইফোন ১২ প্রো ম্যাক্স, ২০ হাজার টাকা ভর্তি মানিব্যাগ ও একটি হাতঘড়ি ছিনিয়ে নেয়।আইফোনের পাসওয়ার্ড জানতে চাইলে ছিনতাইকারীরা সামুরাইয়ের উল্টো দিক দিয়ে তাকে আঘাত করে এবং বাম চোখে ঘুষি মারে। উপায় না দেখে তিনি পাসওয়ার্ড দিতে বাধ্য হন। পরে ছিনতাইকারীরা একটি অটোরিকশায় করে পালিয়ে যায়।
মামলায় আরও বলা হয়, ছিনতাই হওয়া মোবাইল ফোন ট্র্যাক করে আসামিদের অবস্থান শনাক্ত করা হলে বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়। পরে মোহাম্মদপুর থানার টহল টিম তাজমহল রোড এলাকায় গিয়ে তাদের আটক করার চেষ্টা চালায়। তবে তারা মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এখনো অপরাধীদের চিহ্নিত করা সম্ভব হয়নি, তবে দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোতাহার হোসেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে সংযুক্ত থাকা অবস্থায় ২০২৪ সালের ১৭ মার্চ দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন।