১৮ মাসে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর প্রায় ৩১০০ সহিংসতার অভিযোগ: ভারতের রাজ্যসভায় তথ্য উপস্থাপন

Spread the love

বাংলাদেশে গত প্রায় ১৮ মাসে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর প্রায় ৩ হাজার ১০০টি সহিংসতার অভিযোগের তথ্য ভারতের রাজ্যসভায় উপস্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) মানবাধিকার সংগঠনগুলোর বরাতে এ তথ্য দেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা।

ভারতের বার্তা সংস্থা পিটিআইয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়িঘর, সম্পত্তি, ব্যবসাপ্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলার ঘটনাগুলো এই হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তবে উপস্থাপিত তথ্যে এসব ঘটনার বিস্তারিত তালিকা বা নির্দিষ্ট পরিসংখ্যান তুলে ধরা হয়নি।ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাগুলো ভারত সরকার নিয়মিতভাবে পর্যবেক্ষণ করছে। ভারত আশা করে, বাংলাদেশ সরকার এসব ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবে এবং সংখ্যালঘু হ*ত্যা, অগ্নিসংযোগ ও সহিংসতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনবে।

তিনি আরও বলেন, সংখ্যালঘুসহ দেশের সব নাগরিকের জীবন, নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের দায়িত্ব।

পবিত্র মার্গেরিটা জানান, বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের জরুরি সহায়তা নিশ্চিত করতে ভারতীয় মিশনগুলো সক্রিয় রয়েছে এবং এ জন্য ২৪ ঘণ্টা চালু জরুরি হেল্পলাইনও রাখা হয়েছে।

এদিকে ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্কের টানাপড়েন দেখা দেয়। ওই সময় থেকেই বাংলাদেশে সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর নিপীড়নের অভিযোগ নিয়ে ভারত সরকার বিভিন্ন সময় উদ্বেগ প্রকাশ করে আসছে।

তবে সে সময় দায়িত্বে থাকা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *