জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন: সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কর্মসূচি

Spread the love

দেশে নির্বাচন-পরবর্তী সময়ে সংঘটিত সাম্প্রদায়িক সহিংস ঘটনার প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ সমন্বিত সংখ্যালঘু ঐক্যমোর্চা।

শুক্রবার সকালে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী এক মাসে দেশের বিভিন্ন স্থানে প্রায় অর্ধশতাধিক সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্যে রয়েছে হত্যা, ধর্ষ*ণ, মন্দিরে হামলা, লুটপাট, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং আদিবাসীদের বসতভিটা দখলের অভিযোগ।

নেতৃবৃন্দ বলেন, ভোলার তজুমুদ্দীনে ধর্মীয় উৎসবে অংশগ্রহণকারী এক নারীকে অপহরণ ও গণধর্ষণের অভিযোগ, চট্টগ্রামে আকাশ দাস, বগুড়ায় সুনীল বাঁশফোড়, কক্সবাজারে ব্যবসায়ী গণেশ পাল, বগুড়ায় শিক্ষক চয়ন রাজভর, যশোরে অরুণ অধিকারী, ময়মনসিংহে চাল ব্যবসায়ী সুশেন চন্দ্র সরকার এবং গাইবান্ধা সদর উপজেলায় অমিতাভ চন্দ্র সুজনকে হ*ত্যার ঘটনা উল্লেখ করা হয়। এছাড়া কুমিল্লা নগরীর দক্ষিণপাড়ার কালী গাছতলা শিব মন্দিরে ককটেল বিস্ফোরণে পুরোহিতসহ চারজন আহত হওয়া, বগুড়ার ধুনটে লক্ষ্মী মন্দিরে অগ্নিসংযোগ, সাতক্ষীরার আশাশুনির হামকোড়া কালী মন্দিরে ভাংচুর এবং ফেনীর একটি পারিবারিক মন্দিরে হামলা ও লুটপাটের ঘটনাও তুলে ধরা হয়।বক্তারা বলেন, এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার দাবিও জানান তারা।

নেতৃবৃন্দ আরও বলেন, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু কমিশন গঠন এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করতে হবে।মানববন্ধন শেষে কয়েক শতাধিক মানুষের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেস ক্লাব চত্বর থেকে বের হয়ে পল্টন মোড় ঘুরে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক বাসুদেব ধর। বক্তব্য রাখেন গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সুব্রত হাজরা, বাংলাদেশ সনাতন পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায়, ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশনের সন্তোষ দাস, বাংলাদেশ হিন্দু মহাজোটের ডা. এম কে রায়সহ আরও অনেকে।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *