কুড়িগ্রামে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের ধাক্কায় বৃদ্ধ নিহত

Spread the love

কুড়িগ্রাম প্রতিনিধি | দেবালয় মিডিয়া নিউজ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় জমির সীমানা বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধাক্কায় মধু চন্দ্র শীল (৬২) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার উমরমজিদ ইউনিয়নের জয়দেব মালসাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মধু চন্দ্র শীল ওই গ্রামের বাসিন্দা। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী আবেদ আলীর সঙ্গে জমির সীমানা নিয়ে তার বিরোধ চলছিল।
ঘটনার দিন দুপুর সাড়ে ১২টার দিকে মধু শীল নিজ বাড়ির সামনে জমির সীমানায় গাছ লাগাতে গেলে প্রতিবেশী আশরাফ আলী তাতে বাধা দেন। একপর্যায়ে আশরাফ আলীর বাবা আবেদ আলী গাছগুলো তুলে ফেলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, একপর্যায়ে আশরাফ আলী, তার স্ত্রী লাকি বেগম এবং তাদের সঙ্গে থাকা লোকজন মধু শীলকে ধাক্কাধাক্কি করেন। এতে তিনি পাশের একটি নলকূপের গোড়ার পাকা প্লাস্টারের ওপর পড়ে যান এবং গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
এ বিষয়ে স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *