সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে মির্জাজাঙ্গাল এলাকার স্বপ্নিল-২০ নম্বর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত মির্জাজাঙ্গাল এলাকার পুনেন্দ্র চক্রবর্তীর ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রীও একজন চিকিৎসক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রান্ত ও তার স্ত্রী গতকালই ওই বাসায় ওঠেন। সোমবার ঘরের ভেতর তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করে। পরে জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
পুলিশ তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়।
বিকেলে ওই ফ্ল্যাটে গিয়ে পরিবারের কাউকে পাওয়া যায়নি। ফ্ল্যাটটিও তালাবদ্ধ ছিল।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, নিহতের পরিবারের ধারণা, মানসিক সমস্যার কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে পারেন। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
পুলিশ জানিয়েছে, মরদেহের ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মৃত্যুর বিষয়ে আরও তথ্য পাওয়া যেতে পারে।