ঘরের সিঁধ কেটে পল্লী চিকিৎসক ভবতোষ মৃধাকে হত্যা, এলাকায় চাঞ্চল্য

Spread the love

খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ঘরের সিঁধ কেটে ভবতোষ মৃধা নামে এক পল্লী চিকিৎসককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ভবতোষ মৃধা এলাকার গিলাবাড়ি বাজারে একটি ঔষধের দোকান পরিচালনা করতেন এবং দীর্ঘদিন ধরে পল্লী চিকিৎসক হিসেবে দরিদ্র মানুষের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। এলাকায় তিনি একজন সৎ ও মানবিক মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

অভিযোগ রয়েছে, দুর্বৃত্তরা ঘরের পেছনের দিক দিয়ে সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটায়। ঘটনার পর পরিবারের সদস্য ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, ভবতোষ মৃধার সঙ্গে কারও প্রকাশ্য বিরোধ ছিল না। ফলে কে বা কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, তা নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

এদিকে, স্থানীয় বাসিন্দারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *