বরিশালে মহাসড়কের পাশে দুর্ঘটনা দেখার সময় মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তরুণ নিহত

Spread the love

বরিশালের বাকেরগঞ্জে মহাসড়কের পাশে দুর্ঘটনাকবলিত বাস দেখতে গিয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাফায়েত ইসলাম সৈকত (২৫) নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন, মো. আলাউদ্দিন (৪৫), যিনি বর্তমানে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে পটুয়াখালী থেকে ঢাকাগামী ইসলাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের খাদে পড়ে যায়। আহত যাত্রীদের উদ্ধার ও বাসটি নিরাপদ স্থানে রাখা হয়।

মঙ্গলবার সকালে বরগুনা থেকে বরিশালে যাওয়ার পথে আলাউদ্দিন দুর্ঘটনাকবলিত বাসটি দেখছিলেন। তখন ঢাকা থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে দুই মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায় এবং দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সৈকতকে মৃত ঘোষণা করেন।

বাকেরগঞ্জ থানার এসআই মো. সোহেল রানা জানিয়েছেন, লাশ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি লেবুখালী হাইওয়ে পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিএনএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *