ব্রাহ্মণবাড়িয়া (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, তার এলাকায় সকল ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রম সমানভাবে চলবে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ৯টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে আধ্যাত্মিক সাধক আব্দুল কাদির শাহ (রহ.)-এর ৫৮তম স্মরণোৎসব ও বার্ষিক ওরস উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “আমি যতোদিন এই এলাকার দায়িত্বে থাকবো, আমার এলাকায় ওয়াজ যেমন হবে, কীর্তন যেমন হবে, বাউল গানও হবে।”
রুমিন ফারহানা আরও বলেন, গত ১৮ মাসে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেশের বিভিন্ন স্থানে মাজার ভাঙচুর, বাউল গানের আসরে বাধা এবং শিল্পীদের হয়রানির ঘটনা দেখা গেছে। এসব ঘটনার প্রতিবাদ তিনি নিয়মিত করেছেন বলেও উল্লেখ করেন।
তিনি বলেন, “আমি সংখ্যা ধরে ধরে প্রতিটা মাজার ভাঙার প্রতিবাদ করেছি। ঈদের পর সিলেটেও বাউল গানের আসরে ভাঙচুর হয়েছে—এ ধরনের ঘটনা গ্রহণযোগ্য নয়।”
সংসদ সদস্য বলেন, বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ করা সবার দায়িত্ব। বাউল গান, মাজার সংস্কৃতি এবং ধর্মীয় আয়োজনগুলো দেশের বহুমাত্রিক সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ, যা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
ডিএমএন/