রাজধানীতে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পাশে মিলল মদের বোতল

Spread the love

রাজধানীর ভাটারা এলাকার একটি বাড়ির ষষ্ঠ তলার একটি ফ্ল্যাট থেকে আনিপা নিন্দিয়া (২৫) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৯ মার্চ) সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত আনিপা নিন্দিয়া লালমাটিয়া মহিলা বিশ্ববিদ্যালয়ের অনার্সের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর থানার একলাসপুর গ্রামে। তার বাবার নাম আশফাক ভূঁইয়া। বর্তমানে তিনি তার ছোট ভাইয়ের সঙ্গে ভাটারা এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।

নিহত শিক্ষার্থীর ছোট ভাই আকিল ভূঁইয়া জানান, তিনি ও তার বোন একসঙ্গে ওই বাসায় থেকে লেখাপড়া করতেন, আর তাদের বাবা-মা নারায়ণগঞ্জে থাকেন। তিনি বলেন, “গতকাল রাতে বাসায় ফিরে আমার আপুর কোনো সাড়া শব্দ পাচ্ছিলাম না। পরে তার রুমের দরজা ধাক্কা দিয়ে দেখি আপু অচেতন অবস্থায় মেঝেতে পড়ে আছেন।”

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) রায়হানুল ইসলাম জানান, খবর পেয়ে রাতে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় মরদেহের আশেপাশে বেশ কয়েকটি খালি মদের বোতল পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মদ্যপানের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *