কাতারের রাজধানী দোহায় একটি চারতলা ভবন থেকে পড়ে লিটন দাস (যুবক) নামে এক বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত লিটন দাস মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বাসিন্দা।
প্রবাসে অবস্থানরত লিটনের সহপাঠীরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, দুর্ঘটনার পর দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, জীবিকার তাগিদে ২০২৪ সালে লিটন দাস কাতারের দোহায় পাড়ি জমান। সেখানে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তার অকাল মৃত্যুতে কাতারে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে লিটনের পরিবারে নেমে এসেছে গভীর শোক। প্রবাসী সূত্রে জানা গেছে, তার মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।
লিটনের এই মর্মান্তিক মৃত্যুতে নিজ এলাকা কুলাউড়াসহ দেশের বিভিন্ন স্থানে শোকের মাতম চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধু, সহপাঠী ও স্বজনরা তাকে স্মরণ করে শোক ও সমবেদনা জানাচ্ছেন।