বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির একজন সদস্যের ওপর আদালত প্রাঙ্গণে অতর্কিত হামলা ও মব সৃষ্টি করে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
ভুক্তভোগী আইনজীবী চৈতালী চক্রবর্তী (সদস্য নং-৬১০১) সুপ্রীম কোর্ট বারের পক্ষ থেকে দাখিল করা এক লিখিত অভিযোগে উল্লেখ করেন, তিনি ২২ জুন ২০২৬ তারিখে বেলা আনুমানিক ১২টা ৪৫ মিনিটে এনেক্স ভবনের ১৪ নম্বর কোর্টের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে এ ঘটনার শিকার হন।

অভিযোগে বলা হয়, তিনজন নারী আইনজীবীসহ আরও ৪/৫ জন পুরুষ আইনজীবী, যাদের পরিচয় জানা না গেলেও দেখলে চেনা যাবে—তারা একত্র হয়ে তার ওপর অতর্কিতভাবে হামলা চালায় এবং মব সৃষ্টি করে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করে। এতে তিনি পেশাগত দায়িত্ব পালনে বাধাগ্রস্ত হন এবং তাৎক্ষণিকভাবে আদালতের আশ্রয় নিতে বাধ্য হন।
পরবর্তীতে সুপ্রীম কোর্ট বার-এর একজন নির্বাহী সদস্যসহ কয়েকজন সিনিয়র আইনজীবীর সহায়তায় তিনি বার ভবনের ভেতরে নিরাপদ আশ্রয় গ্রহণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। বর্তমানে তিনি ভীতসন্ত্রস্ত অবস্থায় আছেন বলেও জানান।
এমতাবস্থায়, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে সুপ্রীম কোর্ট বার কর্তৃপক্ষ বা সংশ্লিষ্টদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।