প্রদীপ সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | দেবালয় মিডিয়া নিউজ
সনাতন অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (SOAF)-এর ৪৭তম মানবিক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (৩ জুন ২০২৬) সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার মহেশখোলা গ্রামে অসহায় বাসুদেব হালদারের পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদান করে সংগঠনটি।
মানবিক কার্যক্রমের অংশ হিসেবে সংগঠনের পক্ষ থেকে পরিবারটির হাতে নগদ অর্থ, গবাদি পশু পালনের জন্য প্রয়োজনীয় সহায়তা, বস্ত্র এবং খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে আর্থিক ও সামাজিক সংকটে থাকা পরিবারটির জন্য এই সহায়তা স্বস্তি বয়ে এনেছে।
সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উল্লাপাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত ঘোষ, সনাতন অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের উপপরিচালক সম্ভু কর্মকার, উপপরিচালক ও কোষাধ্যক্ষ জিতেন্দ্র দাস, উল্লাপাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মহেশখোলা গ্রামের সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই মানবতার অন্যতম শ্রেষ্ঠ সেবা। সামর্থ্য অনুযায়ী মানুষের কল্যাণে এগিয়ে আসার মাধ্যমে একটি সহমর্মী সমাজ গড়ে তোলা সম্ভব। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বাসুদেব হালদারের পরিবারের জন্য এ সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সংগঠনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং মানবিক কর্মকাণ্ডে আরও মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
সনাতন অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের পক্ষ থেকে এ মানবিক কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করা সকল দাতা, শুভানুধ্যায়ী ও মানবিক হৃদয়ের মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
ডিএমএন/