“গীতার আলোয় আলোকিত হোক জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের গীতা-অনুরাগী শিক্ষার্থীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী “শুদ্ধ সংস্কৃত উচ্চারণে গীতা প্রশিক্ষণ কর্মশালা”-র প্রথম দিনের কার্যক্রম সুষ্ঠু ও উৎসাহব্যঞ্জক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালাটি অনুষ্ঠিত হয় শ্রীশ্রী গৌরী শংকর গোসলা সোসাইটি প্রাঙ্গণে। অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কাব্যতীর্থ, অনলাইন গীতা প্রশিক্ষক এবং গীতা প্রচার ফাউন্ডেশনের নীতিনির্ধারণী সভাপতি ও ইন্সট্রাক্টর শ্রী জীবন চন্দ্র বর্মন।

তিনি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ, সঠিক স্বরপ্রয়োগ, ছন্দ, শব্দশুদ্ধতা এবং অর্থবোধক গীতাপাঠের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন। পাশাপাশি গীতার শ্লোক পাঠের সময় উচ্চারণগত শুদ্ধতা বজায় রাখার প্রয়োজনীয়তা এবং আধ্যাত্মিক চর্চায় এর গুরুত্ব সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেন।
প্রশিক্ষণ পর্বে শ্রীমদ্ভগবদ্গীতার নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ, আত্মশুদ্ধি ও ব্যক্তিজীবনে গীতার ইতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত শিক্ষার্থীরা গভীর আগ্রহ, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন এবং বিষয়ভিত্তিক বিভিন্ন প্রশ্নোত্তর পর্বেও সক্রিয় ভূমিকা রাখেন।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের মধ্যে গীতার জ্ঞান, আদর্শ ও নৈতিক শিক্ষার বিস্তার ঘটাতে এবং শুদ্ধ সংস্কৃত উচ্চারণে গীতাপাঠের চর্চা গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি নিয়মিতভাবে আয়োজন করা হবে।
উল্লেখ্য, কর্মশালার আয়োজনে রয়েছে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক), বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পৌর শাখা, পঞ্চপাণ্ডব ফাউন্ডেশন-বাংলাদেশ, গীতা প্রচার ফাউন্ডেশন এবং গুরুকুল গীতা শিক্ষা কার্যক্রম, লালমনিরহাট।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে নতুন প্রজন্ম গীতার আদর্শ ও মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে একটি নৈতিক, মানবিক ও আদর্শ সমাজ বিনির্মাণে ভূমিকা রাখবে।
“গীতার আলো ঘরে ঘরে জ্বালো, গীতার আলোয় জীবন গড়ি, মানব জীবন ধন্য করি”—এই প্রত্যয়ে কর্মশালার পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।
ডিএমএন/