শেরপুরের শ্রীবরদীতে সড়কের পাশে পড়ে থাকা একটি পরিত্যক্ত ট্রাংক থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীবরদী থানা পুলিশ শ্রীবরদী পৌর শহরের তাতিহাটি এলাকার ডালিবাড়ী মোড়ের সড়কের পাশে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি তোষক ও চাদরে মোড়ানো অর্ধগলিত অবস্থায় ছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সকালে শ্রীবরদী শহরের দিকে আসা একটি রিকশা-ভ্যান থেকে মরদেহভর্তি ট্রাংকটি সড়কের পাশে নামানো হয়। দীর্ঘ সময় অতিবাহিত হলেও কেউ ট্রাংকটি নিতে না আসায় স্থানীয়রা কাছে গিয়ে মাছি উড়তে দেখে পুলিশকে খবর দেন।
শ্রীবরদী থানার ওসি নুরুল ইসলাম মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সড়কের পাশে একটি পরিত্যক্ত ট্রাংক দেখতে পেয়ে স্থানীয়রা সন্দেহ করলে পুলিশকে জানান। ঘটনাস্থলে পুলিশ গিয়ে ট্রাংকটি খুলে তোষক ও চাদরে মোড়ানো অবস্থায় মধ্যবয়সী নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
ওসি আরও বলেন, “অন্য কোথাও হত্যার পর মরদেহটি লুকানোর জন্য ট্রাংকে ভরে এখানে ফেলে রাখা হতে পারে। আমরা তদন্ত করে প্রকৃত কারণ অনুসন্ধানের চেষ্টা করব।”
ডিএমএন/