সাভারে নববর্ষে সনাতনী সম্প্রদায়ের ওপর হামলা, ঘরবাড়ি-মন্দিরে ভাঙচুর ও লুটপাট

Spread the love

বাংলা নববর্ষের দিন ঢাকার সাভারের রাজফুলবাড়ীয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে সনাতনী হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংস হামলার ঘটনা ঘটেছে। এতে এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূজা চলাকালীন সময়ে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে একদল কিশোর গ্যাং সদস্য পরিকল্পিতভাবে এই হামলা চালায়। হামলাকারীরা কয়েকটি হিন্দু পরিবারের বসতবাড়ি ও মন্দিরে ভাঙচুর চালায়।

হামলার সময় এক কিশোরকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তার চিকিৎসা চলছে।

এছাড়াও হামলাকারীরা কয়েকজন নারীসহ স্থানীয় বাসিন্দাদের ওপর লাঠিসোটা দিয়ে হামলা চালায় এবং বাড়িঘরে ঢুকে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। আকস্মিক এই হামলায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মানুষজন।ভুক্তভোগীদের অভিযোগ, হামলার পরও অভিযুক্তরা পুনরায় হুমকি দিচ্ছে। তারা ভবিষ্যতে মন্দির দখল, বসতবাড়ি ভাঙচুর এবং হিন্দু পরিবারগুলোকে এলাকা ছাড়তে বাধ্য করার ভয় দেখিয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা জোরদারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *