সনাতন বিদ্যার্থী সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “পারমার্থিক আনন্দ ভ্রমণ-২০২৬” শীর্ষক শিক্ষা ও ধর্মীয় ভ্রমণ কর্মসূচি। শুক্রবার (৮ মে) আয়োজিত এ ভ্রমণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীরা কুমিল্লার বিভিন্ন ধর্মীয়, ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থান পরিদর্শন করেন।
ভ্রমণসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা কুমিল্লা শহরের ঐতিহ্যবাহী চন্ডীমুড়া মন্দির, ঈশ্বর পাঠশালা ময়নামতি, শালবন বিহার, বৌদ্ধ বিহার এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন।
এই আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন সনাতন বিদ্যার্থী সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি শ্রী চন্ডীদাস অরণ্য, সনাতন বিদ্যার্থী সংসদ কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ শ্রী সিমন দাস, শ্রীমতী সিঁথি মজুমদার, শ্রীমতী পারমিতা ধর, শ্রী প্রসেনজিৎ পার্থ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬ কমিটির কার্যনির্বাহী সভাপতি শ্রীমান তিয়াস সরকার এবং সাধারণ সম্পাদক শ্রীমান ধ্রুব দত্ত অন্তর।
ভ্রমণ প্রসঙ্গে সাধারণ সম্পাদক ধ্রুব দত্ত অন্তর বলেন, “আমরা চেয়েছিলাম শিক্ষার্থীরা যেন ধর্মীয় স্থানের পাশাপাশি ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থান সম্পর্কেও প্রত্যক্ষ জ্ঞান লাভ করতে পারে। এজন্য চন্ডীমুড়া মন্দির, ঈশ্বর পাঠশালা, শালবন বিহারসহ বিভিন্ন স্থানকে নির্বাচন করা হয়েছে। চন্ডীমুড়া মন্দির সপ্তম শতাব্দীর এক অনন্য নিদর্শন, যেখানে ইতিহাস ও ধর্মীয় বিশ্বাস একসাথে বিদ্যমান। অংশগ্রহণকারীরা ভ্রমণ নিয়ে অত্যন্ত আনন্দিত এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।”
এসময় আয়োজকরা সার্বিক সহযোগিতার জন্য সনাতন বিদ্যার্থী সংসদ এবং মহেশ চ্যারিটেবল ট্রাস্ট-কে বিশেষ ধন্যবাদ জানান।
ডিএমএন/