কুড়িগ্রামের রাজারহাটে দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি ও রাজারহাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ (আরিফুল ইসলাম)-এর ওপর হামলা, ছিনতাই ও চাঁদা দাবির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ এপ্রিল) সকাল ১১টায় রাজারহাট প্রেসক্লাব চত্বরে আয়োজিত এই কর্মসূচি থেকে প্রধান অভিযুক্ত সোহেল আনিছসহ সকল আসামিকে গ্রেফতারে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।
জানা যায়, গত ২৭ মার্চ শুক্রবার সন্ধ্যায় সিন্দুরমতি মেলা থেকে সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে উপজেলার গ্রীন ক্যাফে সংলগ্ন এলাকায় ওত পেতে থাকা সন্ত্রাসীরা সাংবাদিক খন্দকার আরিফের মোটরসাইকেলের গতি রোধ করে। হামলাকারীরা লাঠিসোঁটা দিয়ে আঘাত করে তাকে এলোপাথাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং তার কাছে থাকা নগদ ৯ হাজার টাকা ছিনিয়ে নেয়।
হামলার সময় প্রধান অভিযুক্ত সোহেল আনিছ ক্ষোভ প্রকাশ করে বলে, সংবাদ প্রকাশের কারণে তার বাবার রাজনৈতিক পদ হারানোর বিষয়টি এই হামলার পেছনে কারণ হিসেবে কাজ করেছে। উল্লেখ্য, তার বাবা আনিছুর রহমান রাজারহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ছিলেন, যিনি শৃঙ্খলাভঙ্গের দায়ে দল থেকে বহিষ্কৃত হন।
এই ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক খন্দকার আরিফ বাদী হয়ে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করেছেন।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানিয়েছেন, মামলার প্রধান আসামিসহ জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিকের ওপর এ ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে কুড়িগ্রাম জেলায় কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
রাজারহাট প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি সরকার অরুণ যদু, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এবং ভুক্তভোগী সাংবাদিক খন্দকার আরিফ। এছাড়া সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষ সংহতি প্রকাশ করে অংশ নেন।