নিজস্ব প্রতিবেদক – আনন্দ চন্দ্র শীল
সিলেট নগরীতে ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন র্যাব-৯ এর সদস্য ইমন আচার্য। শুক্রবার (২২ মে) দুপুরে কোতোয়ালি থানার সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। তার মৃত্যুর খবরে আইনশৃঙ্খলা বাহিনীসহ স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নগরীর কীন ব্রিজ এলাকায় বাপ্পি নামে এক ছিনতাইকারীকে ধাওয়া করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ধাওয়া খেয়ে অভিযুক্ত ব্যক্তি থানা রোড দিয়ে পালানোর চেষ্টা করে। এসময় সাদা পোশাকে দায়িত্ব পালনরত র্যাব সদস্য কনস্টেবল ইমন আচার্য তাকে আটকানোর চেষ্টা করেন।
একপর্যায়ে ছিনতাইকারী বাপ্পি ধারালো অস্ত্র দিয়ে ইমন আচার্যকে ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই অভিযুক্ত বাপ্পিকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, আটক বাপ্পির বিরুদ্ধে ছিনতাই, মাদক কারবারসহ একাধিক অভিযোগ রয়েছে।
ঘটনার পর কোতোয়ালি থানা ও আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিএমএন/