পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে প্রাইভেট পড়ানোর সময় এক ছাত্রীকে শারীরিক নির্যাতন ও মানসিক হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) দুপুরে পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি ও ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
অভিযোগ সূত্রে জানা যায়, টাউন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নির্মল চন্দ্র ভদ্র করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে প্রাইভেট পড়ানোর সময় শারীরিক নির্যাতন ও মানসিক হয়রানির শিকার করেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি গত ২২ মে প্রাইভেট ক্লাস শেষে বাড়ি ফিরে ওই ছাত্রী তার পরিবারের সদস্যদের জানান। পরে ছাত্রীর বাবা দিলীপ কুমার শীল বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। একই সঙ্গে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও অভিযোগের অনুলিপি পাঠানো হয়।
পরিবারের অভিযোগ অনুযায়ী, বিষয়টি প্রকাশ্যে আসার পর ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে এবং এ নিয়ে চাপ প্রয়োগের কথাও বলা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত সাপেক্ষে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ডিএমএন/