ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে পাটগ্রামে ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৩ জন নিহত

Spread the love

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে লালমনিরহাটের পাটগ্রামের মির্জারকোট মডেল মসজিদ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামের শরিফুল ইসলাম (৩৮), তার স্ত্রী সুমাইয়া আক্তার (৩১) এবং চার মাসের সন্তান হুজাইফা। আহত অবস্থায় তাদের ১০ বছর বয়সী ছেলে সোহানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শরিফুল ইসলাম একটি বেসরকারি এনজিওতে চাকরি করেন। মঙ্গলবার সকালে তিনি স্ত্রী, সন্তান ও বড় ছেলে সোহানকে নিয়ে মোটরসাইকেলে বাড়ির দিকে রওনা দেন। পাটগ্রামের মির্জারকোট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সুমাইয়া আক্তার, শরিফুল ইসলাম এবং হুজাইফাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সোহানকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *