নিখোঁজের দুইদিন পর ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ থেকে আনন্দ মোহন কলেজ-এর শিক্ষার্থী নুরুল্লাহ শাওন (২৫)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ নগরীর ব্যাটবল চত্বর সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত নুরুল্লাহ শাওন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চরঝাকালিয়া গ্রামের মৃত মো. রফিকুল ইসলামের ছেলে। তিনি আনন্দ মোহন কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।পুলিশ ও সহপাঠী সূত্রে জানা গেছে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে জয়নুল আবেদিন উদ্যান এলাকা থেকে শাওন ও তার বন্ধু মঞ্জুরুল আহসান রিয়াদ ব্রহ্মপুত্র নদের বিপরীত পাশে বেড়াতে যান। সন্ধ্যা ছয়টার দিকে সাতজনের একটি ছিনতাইকারী কিশোর দল তাদের ঘিরে ধরে। এসময় দুই বন্ধু জানালে যে তাদের কাছে নৌকা ভাড়া ছাড়া আর কোনো টাকা নেই, তখন তাদের মারধর করা হয়।একপর্যায়ে শাওন প্রতিবাদ করলে তাকে বেদম মারধর করা হয়। পরে দুই বন্ধু দৌড়ে পালানোর চেষ্টা করেন। মঞ্জুরুল নদে নেমে সাঁতরে পার হতে সক্ষম হলেও শাওনের আর খোঁজ মেলেনি। পরে স্থানীয়দের সহযোগিতায় দলটির ১৫ বছর বয়সী এক সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।পরদিন বৃহস্পতিবার সকালে শাওনের ব্যাগ ও জুতা উদ্ধার করা হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালালেও তখন তার সন্ধান মেলেনি। এদিন শাওনের মা শাহিদা বেগম বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেন। সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩–৪ জনকে আসামি করে মামলা নথিভুক্ত করা হয়।ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। শরীরে আঘাতের চিহ্ন আছে কিনা তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলার আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে এবং মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।ঘটনার প্রতিবাদে শুক্রবার রাত থেকেই আনন্দ মোহন কলেজের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।পরিবার সূত্রে জানা গেছে, নিহত শাওনের জানাজার নামাজ শনিবার বিকাল পাঁচটায় তার নিজ গ্রামের চরঝাকালিয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।শাওনের এই অকাল মৃত্যুতে তার পরিবার, সহপাঠী ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
ডিএমএন/