আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নেছারাবাদ উপজেলাে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রিয়াঙ্কা বেপারীর নাম স্থানীয়ভাবে বেশ আলোচনায় উঠে এসেছে।
স্থানীয়দের একটি বড় অংশ মনে করছেন, তরুণ ও উদ্যমী নেতৃত্ব হিসেবে প্রিয়াঙ্কা বেপারী নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তারা তাকে এই পদে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।
জানা গেছে, প্রিয়াঙ্কা বেপারী উপজেলার বলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাটাপিটানিয়া গ্রামের বাসিন্দা অমূল্য বেপারীর মেয়ে। বর্তমানে পেশাগত কারণে তিনি ঢাকায় অবস্থান করছেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। শিক্ষা বিস্তার, নারীর ক্ষমতায়ন এবং যুব সমাজের উন্নয়নে তার আগ্রহ ও অংশগ্রহণ রয়েছে। এসব কারণেই তাকে নির্বাচনে প্রার্থী হিসেবে দেখতে চান অনেকেই।
এ বিষয়ে প্রিয়াঙ্কা বেপারী বলেন, “আমি সবসময় আমার এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। তাদের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। যদি সবার সমর্থন পাই, তাহলে নেছারাবাদের উন্নয়নে নিজেকে আরও সক্রিয়ভাবে যুক্ত করতে চাই।”
তিনি আরও জানান, নারীর ক্ষমতায়ন, শিক্ষার মান উন্নয়ন এবং যুব সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নেওয়ার জন্য কাজ করার পরিকল্পনা রয়েছে তার। তবে এখনো তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেননি বলে উল্লেখ করেন।
এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, প্রিয়াঙ্কা বেপারী (ডাক নাম তপু) একজন শিক্ষিত, প্রগতিশীল ও স্বনির্ভর নারী। শৈশবের একটি বড় সময় তিনি মামাবাড়িতে কাটিয়েছেন। পরবর্তীতে শিক্ষা জীবন সম্পন্ন করে কর্মজীবনের জন্য ঢাকায় পাড়ি জমান এবং বর্তমানে একটি স্বনামধন্য সংবাদমাধ্যমে সিনিয়র সাংবাদিক হিসেবে কর্মরত আছেন।
পেশাগত ব্যস্ততার মাঝেও নিজ এলাকার মানুষের সঙ্গে তার যোগাযোগ অটুট রয়েছে। গ্রামের বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগে তিনি নিয়মিত সহযোগিতা করে থাকেন। শিক্ষা উন্নয়ন, দরিদ্র মানুষের সহায়তা এবং গ্রামীণ উন্নয়ন নিয়ে তার দীর্ঘদিনের আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
উপজেলা নির্বাচন ঘিরে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা-পর্যালোচনা শুরু হয়েছে। তরুণ নেতৃত্বের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
ডিএমএন/